রাজধানীতে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসন এবং উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক যোগাযোগ সচল রাখতে মাঠপর্যায়ে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম।
রোববার (১২ জুলাই) ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় জমে থাকা পানি দ্রুত অপসারণে কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি রাস্তার ড্রেন ও পানি নিষ্কাশনের মুখ পরিষ্কার রাখতে ভোর থেকেই নিরলসভাবে কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মীরা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের সর্বোচ্চ। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনজুড়েই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, দুপুরের দিকে রাজধানীর নীলক্ষেত সংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীতে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাঁটুসমান পানির মধ্যে দাঁড়িয়ে উদ্ধার ও অপসারণ কার্যক্রম তদারকি করেন। পরে গাছটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
সকাল থেকেই ডিএসসিসি প্রশাসক রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি পরিদর্শন করে পানি নিষ্কাশন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
তিনি বলেন, "টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও আমাদের কর্মীরা ভোর থেকেই মাঠে রয়েছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।"
তিনি নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।
এছাড়া ডিএসসিসির পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থার চলমান রাস্তা খননের কারণে সৃষ্টি হওয়া গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।