সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে ফুটবল ম্যাচ দেখতে দেখতে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রুবেল মোল্লা (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, হেডফোন ব্যবহারের কারণে তিনি ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্ধণগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মোল্লা উপজেলার বর্ধণগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রুবেল কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে দেখতে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের শব্দ বা হুইসেল তিনি শুনতে পাননি। একপর্যায়ে দ্রুতগতির ট্রেনটির সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রেললাইন অতিক্রম বা তার পাশ দিয়ে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার কিংবা হেডফোন কানে দিয়ে চলাফেরা না করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সামান্য অসতর্কতাই এমন মর্মান্তিক দুর্ঘটনার কারণ হতে পারে।