ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের ভোলা বেইস। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি, ৩টি ধারালো দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। এর আগে একই দিন বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুখ্যাত ফিরোজ ডাকাত বাহিনীর প্রধান মো. ফিরোজ জমাদার (৫৫) এবং তার তিন সহযোগী মো. ফয়সাল (২৫), মো. ইব্রাহিম (২৫) ও মো. কামাল (৩০)। ফিরোজ জমাদারের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নে।
কোস্ট গার্ড জানায়, ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা প্রথমে চারজনকে আটক করে এবং বিষয়টি কোস্ট গার্ডকে জানায়। পরে খবর পেয়ে কোস্ট গার্ডের একটি বিশেষ দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে এবং স্থানীয়দের সহায়তায় চারজনকে হেফাজতে নেয়।
অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি ধারালো দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের বোট।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।