শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ওপর কুড়াল দিয়ে হামলার অভিযোগে আটক হয়েছেন এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ঘটনার পর তার দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিম উদ্দিন মুখ ঢেকে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রবেশ করে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রেইনকোট, মাস্ক ও সানগ্লাস পরে অফিসে ঢোকার পর তিনি ব্যাগ থেকে একটি কুড়াল বের করে শাকিল আহমেদের ওপর আঘাত করেন। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হামলা প্রতিহত করেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করেন। পরে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়।
ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত শিক্ষককে অসংলগ্নভাবে বলতে শোনা যায়,
“আমি সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।”
আহত কর্মকর্তা শাকিল আহমেদ দাবি করেন, অভিযুক্ত শিক্ষকের বিভিন্ন অনিয়মের বিষয়ে তিনি একাধিকবার সতর্ক করেছিলেন এবং জবাবদিহির আওতায় আনার চেষ্টা করেছিলেন। সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।