রাজশাহীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আদলে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (১৩ জুলাই) রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা কী—সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।
পরিদর্শনের সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রতিমন্ত্রীকে চিড়িয়াখানার বিভিন্ন খাঁচা, রাইড ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখান।
প্রতিমন্ত্রী বলেন, একসময় রাজশাহীর মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র ছিল এই চিড়িয়াখানা। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য নষ্ট হয়েছে। এখন এটি পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক ও আকর্ষণীয়ভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া তিনি জানান, রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। নিরাপদভাবে মাংস সংরক্ষণ ও বাজারজাত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নগরীর পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।
পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় চিড়িয়াখানা এবং রাজশাহী সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।