টানা প্রায় ৩ ঘণ্টার ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে নৌকায় করে অনেক শিক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
সোমবার (১৩ জুলাই) সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সামনে এমন দৃশ্য দেখা যায়।
?️ আবহাওয়া অফিসের তথ্য
- ৩ ঘণ্টায় বৃষ্টিপাত: ১০৭ মিলিমিটার
- প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।
- কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে যায়।
এদিন অনুষ্ঠিত হয় এইচএসসি ও সমমান পরীক্ষার—
- বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান
- ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান ১ম পত্র
- মানবিক বিভাগের যুক্তিবিদ্যা ১ম পত্র

পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নৌকার ব্যবস্থা করা হয়। কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই উদ্যোগ নেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
অভিভাবকদের অভিযোগ, সন্তানদের নৌকায় করে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। প্রবেশপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র পানিতে নষ্ট হলে বড় ধরনের সমস্যা হতে পারত। অনেকেই এমন পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানান।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, কেন্দ্রের বাইরে জলাবদ্ধতা থাকলেও পরীক্ষাকক্ষের ভেতরে পানি ঢোকেনি। যারা দেরিতে কেন্দ্রে পৌঁছেছে, তাদের বিষয়ে সহানুভূতিশীল হতে কেন্দ্র কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।