শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর অবসরপ্রাপ্ত মেজর মোজাফ্ফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, বনানী ডিওএইচএস থেকে বুধবার রাতে অবসরপ্রাপ্ত মেজর মোজাফ্ফর হোসেনকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফ্ফর হোসেন অন্যতম ছিলেন।
সূত্র আরও জানায়, হত্যাকাণ্ডের পর তিনি দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন এবং পরে ছদ্মনামে বিভিন্ন স্থানে অবস্থান করেন। অবশেষে প্রায় ৪৫ বছর পর তাকে আটক করতে সক্ষম হয়েছে ডিবি।