রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার সময় হযরত আলী (২৭) নামে এক দালালকে আটক করেছে আনসার সদস্যরা। তিনি চানখারপুলের মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে হাসপাতালের নতুন ভবনের সামনে থেকে তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নেওয়া হয়। পরে হাসপাতাল পরিচালকের নির্দেশে তাকে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার পিসি মো. শাহাদাত জানান, নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে এক রোগী ও তার স্বজনকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে বাইরে একটি বেসরকারি প্যাথলজি ল্যাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন হযরত আলী। বিষয়টি বুঝতে পেরে রোগীর স্বজন আনসার সদস্যদের জানালে তাকে আটক করা হয়।
জানা গেছে, হাসপাতালের আশপাশে গড়ে ওঠা বিভিন্ন বেসরকারি প্যাথলজি ল্যাবের দালালরা কম খরচে ও দ্রুত রিপোর্ট দেওয়ার প্রলোভন দেখিয়ে রোগীদের হাসপাতাল থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় আটক ব্যক্তিকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়েছে। অভিযোগকারী রোগী ও স্বজনদেরও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য সেখানে নেওয়া হয়।