চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনে যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা সততার সঙ্গে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেন।
বুধবার (১৫ জুলাই) মহানগর গোধূলি ট্রেনে এ ঘটনা ঘটে। মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী এলাকার বাসিন্দা।
তিনি জানান, রাতে কেবিনের ময়লার ঝুড়িতে আমের খোসা ফেলতে গিয়ে একটি পলিথিনে মোড়ানো কয়েকটি জর্দার কৌটা দেখতে পান। সেগুলো সাধারণ জর্দার কৌটা ভেবে নিজের কাছে রেখে দেন।
পরে এক যাত্রী ফোন করে জানান, তার স্বর্ণের চেইন ও কিছু টাকা হারিয়ে গেছে। যাত্রীর বর্ণনা অনুযায়ী কৌটা খুলে দেখা যায়, ভেতরে প্রায় দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং দুই হাজার টাকা রয়েছে।
মোশারফ হোসেন সঙ্গে সঙ্গে যাত্রীকে বিষয়টি জানান এবং আশ্বস্ত করেন যে, সবকিছু নিরাপদে রয়েছে। পরে চট্টগ্রামগামী তূর্ণা নিশীতা ট্রেন ভৈরববাজার স্টেশনে পৌঁছালে যাত্রীর স্বজনের কাছে স্বর্ণের চেইন ও নগদ টাকা বুঝিয়ে দেওয়া হয়।
প্রায় ২০ বছরের চাকরি জীবনে একাধিকবার যাত্রীদের হারানো মূল্যবান জিনিস ফিরিয়ে দিয়েছেন বলে জানান মোশারফ হোসেন। তিনি বলেন, “অন্যের জিনিস আমি কেন রাখব? ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লেগেছে।”
তার এই সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করছেন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরাও।