চট্টগ্রাম নগরীর চকবাজারে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রোববার এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
র্যাব জানায়, গ্রেপ্তারদের মধ্যে অন্যতম অভিযুক্ত মাইকেলসহ হামলায় সরাসরি অংশ নেওয়া ৯ জন রয়েছেন। তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
তদন্তে জানা গেছে, গত ১১ জুলাই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর কাছে হোয়াটসঅ্যাপে ২ কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই ৩০ থেকে ৪০ জনের একটি দল অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং কর্মচারীদের বেতন বাবদ রাখা ৩৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
র্যাব জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।