সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত বাবা-ছেলে এলাকা ছেড়ে পালিয়েছেন।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান ওই গ্রামের সাত্তার খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলা নিয়ে ইলিয়াস খানের সঙ্গে স্থানীয় বাসিন্দা মো. রাসেলের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত ইলিয়াসকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য রওনা দিলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত রাসেল ও তার ছেলে সিয়াম এলাকা ছেড়ে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।