চুয়াডাঙ্গার জীবননগরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি মো. আবুল হোসেন ওরফে ফটিককে (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন। ২০২৩ সালের ডিসেম্বরে জীবননগরের হাড়িভাঙ্গা মাঠসংলগ্ন ভুট্টাখেতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে তদন্তে ডিএনএ রিপোর্ট, স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং অন্যান্য সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।
রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, ডিএনএ রিপোর্ট এবং অন্যান্য আলামত পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।