ফরিদপুরে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে মো. নাঈম শেখ (১৫) নামে এক কিশোরকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়ার ঘটনায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আছমত শেখ (২৩) ও সাগর মোল্লা (৩২)। এছাড়া মামলার আরেক ধারায় তাদের তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। তবে উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে।
২০২২ সালের ২১ এপ্রিল নাঈম শেখ ইজিবাইক নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন চোরাই ইজিবাইকসহ দুই আসামিকে আটক করলে জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো স্থানে মাটিচাপা দেওয়া নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। মামলার আরেক কিশোর আসামির বিচার বর্তমানে শিশু আদালতে চলমান।