ফেনীর ফুলগাজীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া নিরাপত্তাকর্মী আবদুল কাইয়ুমের (৫৮) ১০ মাস পেরিয়েও কোনো সন্ধান মেলেনি। গত বছরের ২২ সেপ্টেম্বর সকালে গথিয়া খালে মাছ ধরতে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি।
নিখোঁজের এক মাস পর একই খাল থেকে তার ব্যবহৃত মাছ ধরার জাল উদ্ধার হলেও রহস্যের কোনো সমাধান হয়নি। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আবারও খোঁজ চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি।
দীর্ঘদিন ফেনী শহরের একটি ব্যাংকে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন আবদুল কাইয়ুম। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তার আগেই তিনি নিখোঁজ হন। ১০ মাস ধরে তার অপেক্ষায় দিন কাটাচ্ছে পরিবার। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।