জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ ও দ্রুত করতে একাধিক সংস্কার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার সনদের ভিত্তিতে মাঠ পর্যায় থেকেই জন্মতারিখ সংশোধন করা যাবে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াও এক ধাপ কমিয়ে সহজ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এনআইডি সংশোধন, ভোটার এলাকা পরিবর্তন, অনলাইনে আবেদন এবং এনআইডি নবায়ন প্রক্রিয়ায়ও নতুন পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে আরও কম বয়স থেকে নাগরিকদের তথ্য সংগ্রহের বিষয়েও পর্যালোচনা চলছে।
ইসি আশা করছে, এসব পরিবর্তনের ফলে সাধারণ নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সংক্রান্ত সেবা আরও দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত হবে।