উজানের ঢল ও টানা ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। বুধবার সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২.১৪ মিটার, যা বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বাড়তে থাকায় ডিমলা ও জলঢাকা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পানি আরও বাড়লে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। একই সঙ্গে নদীর পানি আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।