চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের দুই দিনের মাথায় সাত বছর বয়সী এক শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বিদ্যালয় থেকে ফেরার সময় প্রতারণার মাধ্যমে শিশুটিকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যৌথভাবে অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অপহরণকারীদের শনাক্ত করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার হওয়া ফয়সাল ভুক্তভোগী শিশুর বাবার মামাতো ভাই। তিনি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে অপহরণের পরিকল্পনা করেন। গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।