রাজধানীর কামরাঙ্গীরচরের মাহাদি নগর এলাকায় একই ভবনের এক প্রতিবেশী নারীর পরিকল্পনায় সংঘটিত ডাকাতির ঘটনায় পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং ডাকাতিতে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই বাসা দেখার অজুহাতে একটি ফ্ল্যাটে প্রবেশ করে ডাকাতরা তিন নারীকে মারধর করে হাত-পা বেঁধে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। তদন্তে একই ভবনের বাসিন্দা জেসমিন আক্তার ইয়াসমিনকে ডাকাতির মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়।
পরে অভিযানে জেসমিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর পেনশনের টাকা লুটের উদ্দেশ্যেই এ পরিকল্পনা করা হয়েছিল। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।