পরিবারের সচ্ছলতা ফেরাতে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন ফেনীর দাগনভূঞার ফরিদুর রহমান বুলবুল (৩২)। দালালের সঙ্গে ১৮ লাখ টাকায় চুক্তি করে দেশ ছাড়লেও সরাসরি ইতালিতে না নিয়ে তাকে দুবাই, সার্বিয়া ও নর্থ মেসিডোনিয়া হয়ে স্থলপথে হাঙ্গেরিতে নেওয়া হয়। দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রার সময় হাঙ্গেরির জঙ্গলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার জানায়, গত ২৪ জুন বুলবুল শেষবার ফোন করে জানান, দালাল প্রতিশ্রুতি ভঙ্গ করে তাকে বাস ও ট্রেনে করে বিভিন্ন দেশ ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। পরে হাঙ্গেরি পুলিশের মাধ্যমে পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছে।
নিহতের পরিবার প্রতারক দালালের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। এদিকে দাগনভূঞা থানা পুলিশ পরিচয় নিশ্চিত করেছে এবং উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে। বুলবুলের পরিবারে রয়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক কন্যাসন্তান।