কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পথসভায় বিএনপিকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, নির্বাচনে জয় পাওয়ার পর বিএনপি জনগণকে গুরুত্ব দিচ্ছে না। তার ভাষায়, “ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, এখন আর জনগণকে গোনার টাইম নাই। শেখ হাসিনাও জনগণকে গুরুত্ব দেননি, শেষ পর্যন্ত সেই জনগণই তার ক্ষমতার পতন ঘটিয়েছে। সংস্কার না হলে একই পরিণতি হতে পারে।”
তিনি আরও অভিযোগ করেন, সংবিধান সংস্কার নিয়ে গঠিত কমিটির উদ্দেশ্য পুরোনো রাজনৈতিক কাঠামো টিকিয়ে রাখা। তার দাবি, জনগণ সেই সংবিধান মেনে নেবে না এবং প্রকৃত সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছেন। তিনি অভিযোগ করেন, বিএনপি ভারতের সঙ্গে আপস করেছে এবং জনগণের প্রত্যাশা থেকে দূরে সরে যাচ্ছে। এ সময় তিনি তারেক রহমানকে ‘লজ্জা-শরম ফিরিয়ে আনার’ আহ্বান জানান।
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও বিএনপির বিরুদ্ধে প্রশাসনে প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন। তিনি বলেন, বিভিন্ন সরকারি দপ্তরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হস্তক্ষেপের কারণে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দলটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার, কর্মসংস্থান, সম্প্রীতি ও রাষ্ট্র সংস্কারের পক্ষে কাজ করছে। পরে কুড়িগ্রামে দলীয় বিভিন্ন পদে নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং জুলাই পদযাত্রা কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভার মাধ্যমে শেষ হয়।