রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। অভিযান চলাকালে ঘটনাস্থলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা নিয়ন্ত্রিতভাবে বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করার অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।
তিনি জানান, রাত ৭টার পর পুলিশ মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর পায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মতিঝিল থানা পুলিশ এবং ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
প্রাথমিকভাবে বোমা সদৃশ অন্তত দুটি বস্তু শনাক্ত করে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। তবে ঘটনাস্থলে আরও সন্দেহজনক বস্তু থাকতে পারে—এমন আশঙ্কায় পুরো এলাকা তল্লাশি চালিয়ে বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম অব্যাহত রাখা হয়।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির উৎস, উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, সব ধরনের নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে বিশেষজ্ঞ দল সতর্ক অবস্থানে থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।