রাজধানীর কাফরুল এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩-এর ই-ব্লক, ওপেক্স গার্মেন্টসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা হঠাৎ ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ইউসুফ আলী গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ হামলায় আরও দুইজন গুলিবিদ্ধ হন। তাদের পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত ইউসুফ আলীর গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার সাকরাল গ্রামে। তার বাবার নাম মৃত শাহজাহান। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে মিরপুরের কাফরুল এলাকায় বসবাস করতেন।
ঘটনার কারণ, হামলাকারীদের পরিচয় এবং এর পেছনের উদ্দেশ্য জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেট জানানো হবে।