ডিবির অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ
? বিস্তারিত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে ডিবি (গোয়েন্দা) পুলিশের মতিঝিল বিভাগের একটি বিশেষ দল যাত্রাবাড়ী থানার দোলাইপাড় মোড়ের উত্তর-পশ্চিম পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. রমজান চৌধুরী (২০) নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ গাড়িও জব্দ করেছে পুলিশ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার রমজান চৌধুরীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, মাদক পাচার ও সরবরাহ চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না এবং এ চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।