গাজীপুরের শ্রীপুরে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি দুই বছর ধরে তালাবদ্ধ পড়ে আছে। প্রশাসনিক অনুমতির জটিলতায় চালু হয়নি হাসপাতালটি। ফলে প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল নিয়োগও আটকে রয়েছে।
আধুনিক ভবন ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত থাকার পরও চিকিৎসাসেবা চালু না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন আশপাশের তিন উপজেলার মানুষ। দূর-দূরান্ত থেকে রোগীরা এসে চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে হাসপাতালের ভবন, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম।
স্থানীয়দের দান করা ৪৩ শতাংশ জমিতে ৫ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২০২৪ সালের জুনে নির্মাণকাজ শেষে এটি পরিবার পরিকল্পনা কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। তবে প্রশাসনিক অনুমতি না থাকায় এখনো কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নুরী বলেন, প্রশাসনিক অনুমতি না থাকায় হাসপাতালটি চালু করা যাচ্ছে না। বিষয়টি মন্ত্রণালয় ও অধিদপ্তরকে জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত হাসপাতালের কার্যক্রম চালুর আশা করা হচ্ছে।