ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের পুকুর থেকে মফিজুল ইসলাম (৩৫) নামে এক প্রতিবন্ধী ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার হরিনদিয়া ঝামাঘাটা পাড়ায় এ ঘটনা ঘটে। মফিজুল ওই এলাকার মৃত মসলেম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, মফিজুল ইসলাম মৃগীরোগে ভুগছিলেন। গত ১৭ আগস্ট সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের আসাদুল ইসলামের পুকুরে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা সেখানে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা মরদেহটি মফিজুল ইসলামের বলে শনাক্ত করেন। মফিজুলের মেয়ে মাহফুজা খাতুন বলেন, চার দিন ধরে তাঁর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে পুকুরপাড়ের কাঠালগাছের কাছে মরদেহটি ভাসতে দেখা যায়। এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি, তবে পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছিল। স্থানীয়রা জানান, মফিজুল এক কন্যাসন্তানের বাবা। শারীরিক অসুস্থতার কারণে তাঁর স্ত্রী আগেই তাকে ছেড়ে চলে গেছেন। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মফিজুল মৃগীরোগে আক্রান্ত ছিলেন। পুকুরের পানিতে তাঁর মরদেহ পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের পর শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা পরীক্ষা করা হবে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।
নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী মফিজুলের মরদেহ
বিষয় : ঝিনাইদহ