আকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দারুণ এক মহাজাগতিক দৃশ্য। আগামী ২৭ থেকে ২৮ আগস্ট হতে যাওয়া চন্দ্রগ্রহণে চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও চাঁদের বড় একটি অংশ লালচে-কমলা রঙে দেখা যাবে। ফলে এটি অনেকটা ‘ব্লাড মুন’-এর মতোই দেখাবে।
জ্যোতির্বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন ‘স্কাই অ্যাট নাইট’-এর তথ্য অনুযায়ী, চন্দ্রগ্রহণের সর্বোচ্চ পর্যায় বাংলাদেশ সময় ২৮ আগস্ট সকাল ১০টা ১৩ মিনিটে পৌঁছাবে। এ সময় পৃথিবীর ছায়া চাঁদের প্রায় পুরো চাকতিকে ঢেকে ফেলবে।
চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এ সময় পৃথিবীর বায়ুমণ্ডল নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি ছড়িয়ে দেয়। অন্যদিকে লাল ও কমলা আলোর কিছু অংশ বায়ুমণ্ডল ভেদ করে চাঁদের পৃষ্ঠে পৌঁছায়। এ কারণেই গ্রহণের সময় চাঁদকে লালচে বা কমলা রঙের দেখায়।
এবারের চন্দ্রগ্রহণ উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। এরপর চাঁদ পশ্চিম আকাশে অস্ত যাওয়ার সময় ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল থেকেও গ্রহণের অংশবিশেষ দেখা যেতে পারে।
তবে বাংলাদেশ থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখার সম্ভাবনা খুবই কম। গ্রহণের সর্বোচ্চ পর্যায় যখন হবে, তখন বাংলাদেশে দিনের আলো থাকবে এবং চাঁদও দিগন্তের ওপরে দৃশ্যমান থাকবে না। ফলে দেশের আকাশপ্রেমীরা সরাসরি এই গ্রহণ দেখার সুযোগ নাও পেতে পারেন।