চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক স্থান থেকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সন্ধ্যা ও রাতে উদ্ধার হওয়া মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার সমুদ্র উপকূলে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও মেরুন রঙের ট্রাউজার। মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় শরীরে পচন ধরেছে এবং ফুলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত ৭ থেকে ৮ দিন আগে তার মৃত্যু হয়েছে।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহেদ জানান, মরদেহের পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে একই দিন রাত ৯টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকার সোনাইছড়ি পাহাড়ের চূড়া থেকে আনুমানিক ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।
স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশের সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পাহাড়ের ওপর বিবস্ত্র অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ বলছে, দুই মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।