বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া বাসটি শাহ ফতেহ আলী পরিবহনের বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ঘোগা ব্রিজ এলাকার ইউটার্নে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল জানান, দুর্ঘটনায় ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।