যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। লোহিত সাগরমুখী ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর সৌদি আরব ইয়ানবু টার্মিনালে তেল পরিবহন বন্ধ রাখায় বাজারে যে সরবরাহের ঝুঁকি তৈরি হয়েছিল, বিনিয়োগকারীরা এখন তার সাথে মার্কিন মজুত বৃদ্ধির বিষয়টি হিসাব করছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেল প্রতি ৯৩ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ১০৭ দশমিক ৮২ ডলারে নেমে আসে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচারসের দাম ব্যারেল প্রতি ৯৭ সেন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ১০৪ দশমিক ৮৬ ডলারে পৌঁছায়। এর আগে মঙ্গলবার উভয় আন্তর্জাতিক বেঞ্চমার্কেই তেলের দাম ব্যারেল প্রতি ৩ ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছিল। ইয়ানবু টার্মিনালে খালাস বন্ধ থাকা এবং ইউরোপে সৌদি আরবের অপরিশোধিত তেল সরবরাহ হ্রাসের কারণে দাম গত ১৯ মে-র পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল
হজযাত্রীদের সেবা আরও সহজ ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য বিশ্লেষণ প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিভিন্ন ডিজিটাল সেবায় এসব প্রযুক্তি যুক্ত করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা য়ায়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘নাজুক এআই’ চালুর পর থেকে ২০ লাখের বেশি ব্যবহারকারী এ সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে শুধু গত মাসেই সেবাটি ব্যবহার করেছেন ৩ লাখ ৯৩ হাজার মানুষ। ১৮০টির বেশি ভাষায় ভয়েস সুবিধাসহ সেবাটি চালু রয়েছে। জানা যায়, ডিজিটাল মুত্তাওয়িফ এক মাসে ২০ লাখের বেশি বার ব্যবহার করা হয়েছে। ১৪ লাখের বেশি এ সেবার মাধ্যমে হাজি ডিজিটালি তাওয়াফ ও সাঈ সম্পন্ন করেছেন। নুসুক এআই সেবার জন্য সৌদি ডেটা অ্যান্ড এআই অথরিটি (এসডিএআইএ) থেকে এআই এথিকস মার্কও পেয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হজ ও ওমরাহ পালনকারীদের জন্য মন্ত্রণালয়ের সেবা আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন পূর্বাভাস ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে। এগুলো পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে। একইসঙ্গে হাজিদের চলাচল ও দলভিত্তিক ব্যবস্থাপনার জন্য স্মার্ট প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, সৌদি আরবের ভিশন ২০৩০ এবং গেস্টস অব আল্লাহ সার্ভিস প্রোগ্রামের আওতায় এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
চীন-নেপাল সীমান্তে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং পোর্টে কাদা ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়াও ২৩টি দেশের ২৬১ জন বিদেশী নাগরিকসহ মোট ৫৪৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। রোববার (৩০ আগস্ট) আনাদোলু এজেন্সির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চীনা পররাষ্ট্র, জননিরাপত্তা, সংস্কৃতি ও পর্যটন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যৌথ অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের পর এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়। বেইজিংভিত্তিক সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, চীন সীমান্ত এলাকার মর্মান্তিক এই দুর্ঘটনায় আন্তর্জাতিক উদ্ধার ও তথ্য আদান-প্রদান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে নেপালের ১০৪ জন, ভারতের ৪৯ জন, লাটভিয়ার ৩৩ জন, যুক্তরাষ্ট্রের ১৮ জন, ব্রিটেনের ১৫ জন, কানাডা ও অস্ট্রেলিয়ার ৬ জন করে, দক্ষিণ আফ্রিকার ৪ জন, মালয়েশিয়া, জার্মানি ও রাশিয়ার ৩ জন করে, আয়ারল্যান্ড, এস্তোনিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের ২ জন করে এবং কাজাখস্তান, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, পর্তুগাল, ইউক্রেন, স্পেন ও হাঙ্গেরির ১ জন করে নাগরিক রয়েছেন। চাইনিজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস ও কনস্যুলেটকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। এদিকে পাশ্ববর্তী দেশ নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে এবং প্রায় ২ হাজার ৫০০ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে সরকারী হিসাব ও স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে। সূত্র: আনাদোলু এজেন্সি
নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ৯৭ বছর বয়সী গুণ মায়া বোহারা উদ্ধার পেয়ে আশার প্রতীক ও বন্যার নতুন মুখ হয়ে উঠেছেন। রোববার (৩০ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, চার ঘণ্টার দীর্ঘ চেষ্টার পর পুলিশ ও নেপাল সেনাবাহিনী তাকে একটি এক্সেভেটর বা কোদালের ভেতরে বসিয়ে নিরাপদে বের করে আনে। একটি বৃদ্ধাশ্রম ভেঙে পড়ার পর গুণ মায়া বোহারা তার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন বলে নিশ্চিত করেছে বিবিসি নেপালি। খবর পেয়ে কাঠমান্ডু থেকে ছুটে আসা তার নাতি দীপক বোহারা জানান, উদ্ধারপ্রাপ্ত বৃদ্ধাকে যুদ্ধ জয় করে ফেরা ‘এক যোদ্ধার’ মতো দেখাচ্ছিল। এক্সেভেটরের বাকেটে করে কাদামাখা পোশাকে এই বৃদ্ধাকে নিয়ে আসার দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি কীভাবে এই ধ্বংসস্তূপের নিচে বেঁচে ছিলেন তা বলতে পারছেন না বলে দ্য টাইমসের বরাতে ল্য পারিসিয়েন জানিয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রসুয়া জেলায় হিমবাহ ধসের কারণে ভোটেকোশী নদীতে সৃষ্ট আকস্মিক বন্যায় এ পর্যন্ত অন্তত ৬৭৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩০০ জনেরও বেশি ভারতীয় নাগরিকসহ প্রায় ৩ হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। দেশটির আবহাওয়া বিভাগ নতুন করে বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, এই মারাত্মক ক্ষয়ক্ষতির পর পুনর্গঠন কাজের জন্য দেশটিকে ৪ থেকে ৫ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে, যা তাদের পুরো অর্থনীতির প্রায় দশ ভাগের এক ভাগ।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভূমিধসে সৃষ্ট একটি কৃত্রিম হ্রদের পানি উপচে পড়তে শুরু করায় ভাটি অঞ্চলে নতুন করে বিধ্বংসী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার (২৮ আগস্ট) সীমান্তসংলগ্ন দুই দেশেই উদ্ধার তৎপরতা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার শঙ্কায় নেপালের রাসুয়া জেলাসহ ঝুঁকিপূর্ণ নিম্নাঞ্চলের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিতে শুরু করেছেন। হ্রদটির প্রাকৃতিক বাঁধ ভেঙে বড় ধরনের জলচ্ছ্বাসের আশঙ্কায় চীনের সব উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় যানবাহনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি নিশ্চিত করেছে। নেপাল অংশেও উদ্ধার তৎপরতা পুরোপুরি বন্ধ রাখার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। চীনা প্রকৌশলীদের তথ্যানুযায়ী, শুক্রবার হ্রদটিতে আটকে থাকা পানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫ লাখ ঘনমিটারে, যা আগের দিনের হিসাবের চেয়ে অনেক বেশি। সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে আকাশপথে ড্রোনের মাধ্যমে হ্রদের ত্রিমাত্রিক নকশা তৈরি করে সার্বিক পরিস্থিতি নজরদারি করছে চীনের একটি বিশেষজ্ঞ দল। গত বুধবার হিমবাহ ধসের পর পাহাড়ি নদী দিয়ে নেমে আসা কাদা, পাথর ও বরফের তীব্র স্রোতে নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। বর্তমানে নেপাল ও তিব্বত মিলিয়ে প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ওই আকস্মিক বন্যায় কাঠমান্ডুর সঙ্গে তিব্বতের লাসাকে যুক্তকারী গুরুত্বপূর্ণ সড়ক, একাধিক জলবিদ্যুৎকেন্দ্র, কালভার্ট ও পাকা সেতু ধ্বংসস্তূপে পরিণত হয়ে পুরো এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেপালের রাসুয়া জেলার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার জানিয়েছেন, হ্রদের পানি বৃদ্ধির পর স্থানীয় জনপদে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং নদীতীরবর্তী অঞ্চলে পানির উচ্চতা ক্রমেই বাড়ছে। অন্যদিকে চীনের জিরং কাউন্টিতেও ধ্বংসস্তূপ জমে থাকায় শুক্রবার পর্যন্ত সীমান্ত পারাপার এলাকায় পৌঁছাতে পারেননি চীনা উদ্ধারকর্মীরা। সিসিটিভির তথ্য অনুযায়ী, তিব্বতের এই অংশে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং ২৬০ জন বিদেশি নাগরিকসহ নিখোঁজ রয়েছেন ৫৫৮ জন। হিমালয় অঞ্চলের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নেপালকে সব ধরনের জরুরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পরিস্থিতিকে অভূতপূর্ব উল্লেখ করে বলেন, ‘এমন বিধ্বংসী রূপ আগে কখনো দেখা যায়নি, যেখানে অত্যন্ত মজবুত ও সুনির্মিত ভবনগুলো টুথপিকের মতো নিশ্চিহ্ন হয়ে গেছে। এটি অত্যন্ত ভয়াবহ এক দুর্যোগ। আমরা সেখানে সহায়তা পাঠাচ্ছি এবং দেশটির নেতাদের জানিয়ে দিয়েছি যে তাদের প্রয়োজনে যা চাওয়া হবে, আমরা তা-ই সরবরাহ করব।’
টানা দুই দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। প্রবল বর্ষণের কারণে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে, প্রতিকূল আবহাওয়া থাকলেও দিল্লি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) মঙ্গলবার সকাল পৌনে সাতটার পূর্বাভাসে জানায়, দিল্লির বিভিন্ন এলাকায় পরবর্তী তিন ঘণ্টায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।সোমবার অতিবৃষ্টির কারণে দিল্লির বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। খারাপ আবহাওয়ার কারণে ওই দিন তিনটি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ১৫টি ফ্লাইট জয়পুর, চণ্ডীগড় ও লখনউতে ঘুরিয়ে দেওয়া হয়।আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্ত জানান, উত্তর দিক থেকে আসা শুষ্ক বাতাসের সঙ্গে বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাসের সংঘর্ষের ফলে দিল্লিতে টানা বৃষ্টিপাত হচ্ছে। এদিকে ভারী বৃষ্টিতে দিল্লির পার্শ্ববর্তী গুরগাঁওয়ের রাজীব চক, ইফকো চক ও রেলওয়ে রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কও পানিতে ডুবে গেছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন স্কুলের কার্যক্রম অনলাইনে পরিচালনা এবং অফিসগুলোতে কর্মীদের ঘরে থেকে কাজ করার আহ্বান জানিয়েছে।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত **‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’**কে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ চুক্তিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় তিনি অত্যন্ত আনন্দিত। তার মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে এবং ভবিষ্যতে তারা আরও কার্যকরভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।চুক্তিতে স্বাক্ষর করা তিন দেশের নেতৃত্বের প্রশংসাও করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি এটিকে ‘বড়, সাহসী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট মক্কায় এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির আওতায় তিন দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তোলার কথা রয়েছে। চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পাশাপাশি স্থল, নৌ, আকাশ ও সাইবার ক্ষেত্রে যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন এবং সামরিক শিল্পে সহযোগিতার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই উদ্যোগকে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চুক্তিটিকে স্বাগত জানিয়ে ট্রাম্পের বক্তব্যও এর প্রতি ওয়াশিংটনের ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দিচ্ছে।
বেলজিয়ামের একটি বাড়ি সংস্কারের সময় দেয়ালের ভেতর থেকে প্রায় ৯ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১২৭ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণের ভাণ্ডার উদ্ধার করেছেন নির্মাণশ্রমিকরা। শনিবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন পয়োনিষ্কাশন পাইপ বসানোর জন্য বাড়ির মাটি ও দেয়াল খোঁড়ার সময় শ্রমিকদের চোখে পড়ে স্বর্ণের বার ও মুদ্রাগুলো। ১৮ বছর বয়সী গ্রীষ্মকালীন শিক্ষার্থী কোবে এবং সাইট ম্যানেজার মারিও জানান, প্রথমে তারা এগুলোকে সাধারণ ১ ইউরোর মুদ্রা ভেবেছিলেন। পরে স্বর্ণের পিণ্ড দেখতে পেয়ে বিষয়টি বুঝতে পারেন। এত বিপুল পরিমাণ স্বর্ণ নিজেদের কাছে রাখা আইনগতভাবে সম্ভব নয় বুঝতে পেরে শ্রমিকরা দ্রুত পুলিশকে খবর দেন। পরে বহিরাগতদের গুপ্তধন খোঁজার চেষ্টা ঠেকাতে ডেনডারমন্ড স্থানীয় পুলিশ পুরো বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া স্বর্ণ নিরাপদ স্থানে সরিয়ে নেয়। বাড়িটির বর্তমান মালিক ‘সিএডব্লিউ ওস্ট-ভ্লানডারেন’ নামে একটি স্থানীয় দাতব্য সংস্থা। সংস্থাটি ডেনডারমন্ড অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির পরিচালক গির্ট হিলার্ট বলেন, উদ্ধার হওয়া সম্পদের একটি অংশ সংস্থার কাজে ব্যবহারের সুযোগ পেলে তা অসহায় মানুষের বড় ধরনের উপকারে আসতে পারে। বেলজিয়ামের আইন অনুযায়ী, এই স্বর্ণের প্রকৃত মালিককে তা দাবি করার জন্য পাঁচ বছর বা ১ হাজার ৮২৩ দিন সময় দেওয়া হবে। এরই মধ্যে স্থানীয় কৌঁসুলি ঘটনাটি তদন্ত শুরু করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো বৈধ মালিকের সন্ধান না পাওয়া গেলে এবং স্বর্ণের সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা না থাকলে আইন অনুযায়ী উদ্ধার হওয়া সম্পদ ভবনটির মালিক সংস্থা ও স্বর্ণের সন্ধান পাওয়া নির্মাণশ্রমিকদের মধ্যে সমান ভাগে বণ্টন হতে পারে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।