বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার বিষয়ে চীন ও মালয়েশিয়া ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শুক্রবার (২৬ জুন) রাতে মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, বাংলাদেশের নির্বাচিত সরকারপ্রধানকে যে সম্মান ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, তা শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো বাংলাদেশের জন্যই একটি বড় সম্মান। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও উজ্জ্বল করে তোলে।
তিনি জানান, সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর চীনের ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে অংশ নিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ফোরামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট, প্রিমিয়ার এবং অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন।
মাহদী আমিন বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, গণমাধ্যম এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের (Long-term Strategic Partnership) পর্যায়ে আরও সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এর মাধ্যমে উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিমানবন্দরে বিএনপির নেতাকর্মীদের উপস্থিত না থাকা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনো দলীয় সমাবেশ বা শোভাযাত্রা করা হয়নি, যা নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন।