দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (ISP) কার্যালয়, নেটওয়ার্ক অবকাঠামো ও কর্মীদের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট এবং চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্টরা।
বুধবার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ISPAB)-এর সভাপতি আমিনুল হাকিম বলেন, নিরাপত্তাহীন পরিবেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব নয়।
তিনি দাবি করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলা ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে স্বাভাবিকভাবে ইন্টারনেট সেবা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে, যার প্রভাব পড়তে পারে লাখো গ্রাহকের ওপর।
আইএসপিএবির সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভূঁইয়া বলেন, চট্টগ্রামের ঘটনার পরও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় তারা নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তিনি।
বক্তারা বলেন, আইএসপি প্রতিষ্ঠানের ওপর হামলা ও নেটওয়ার্ক অবকাঠামো ধ্বংসের ঘটনা শুধু উদ্যোক্তাদের নয়, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, ফ্রিল্যান্সিং, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং এবং সরকারি ডিজিটাল সেবাসহ দেশের সামগ্রিক ডিজিটাল অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে।