বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) সংক্রান্ত নতুন বিল নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার আশঙ্কা, বিলের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে লাভজনক (প্রফিটভিত্তিক) কাঠামোয় পরিচালনার সুযোগ তৈরি হলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।
জাতীয় সংসদে বিলটি উপস্থাপনের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। দেশের প্রধান এই টারশিয়ারি চিকিৎসাকেন্দ্রকে যদি প্রফিট ও নন-প্রফিট কাঠামোয় ভাগ করে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, তাহলে চিকিৎসা ব্যয় বাড়বে এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও কঠিন হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, বেসরকারি বিনিয়োগ ও মুনাফাকেন্দ্রিক ব্যবস্থাপনা চালু হলে ‘অস্বাস্থ্যকর প্রতিযোগিতা’ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে সাধারণ মানুষের চেয়ে নির্দিষ্ট কিছু গোষ্ঠী বেশি লাভবান হতে পারে।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিলটি এখনো শুধু উপস্থাপিত হয়েছে। বিস্তারিত আলোচনার পর্যায়ে এলে বিরোধীদলীয় নেতাকে বিষয়টি নিয়ে বক্তব্য দেওয়ার পর্যাপ্ত সময় দেওয়া হবে।
অন্যদিকে, একই বিল নিয়ে সংসদের বিশেষ কমিটির বিরুদ্ধে সভার নোটিশ যথাসময়ে না দেওয়ার অভিযোগ তোলেন বিরোধীদলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম। তিনি জানান, সকাল ১০টার বৈঠকের খবর তিনি পান বৈঠক শুরুর পর, ফলে উপস্থিত হওয়া সম্ভব হয়নি।
এ অভিযোগের পর স্পিকার বিশেষ কমিটির সভাপতিকে ভবিষ্যতে সদস্যদের যথাসময়ে নোটিশ দেওয়ার নির্দেশ দেন এবং এ ধরনের অনিয়ম এড়াতে আরও সতর্ক থাকার আহ্বান জানান।