কক্সবাজারের উখিয়ায় একটি পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের ভেতর থেকে রুবেল হোসেন নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে উখিয়ার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের স্টিলের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে নিয়মিত রোলকলে এএসআই রুবেল অনুপস্থিত ছিলেন। দীর্ঘ সময় তাকে না পাওয়ায় ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে ওয়াশরুমে যাওয়ার সময় দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি রুবেল হোসেনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।
পরে খবর পেয়ে পুলিশ ও চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছান। ওয়াশরুমের স্টিলের দরজা কেটে রুবেলকে বের করে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মরদেহের কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ওয়াশরুম ব্যবহারের সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।