রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শমসের আলী (৬০) ও তাঁর পুত্রবধূ তানিয়া বেগম (২৫) নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া বেগম ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী এবং শমসের আলী একই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির ভেতরে একটি ভ্যান চার্জে দেওয়া ছিল। সেখান থেকে বৈদ্যুতিক সংযোগের একটি তার গোয়ালঘরের দিকে নেওয়া হয়। ওই তারের পাশেই কাপড় শুকানোর জন্য একটি দড়ি টাঙানো ছিল।
শুক্রবার দুপুরে তানিয়া বেগম ওই দড়িতে ভেজা কাপড় শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর শ্বশুর শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারের ওপর ভেজা কাপড় দিতে গিয়ে প্রথমে তানিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজন মারা গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।