শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪

চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চার যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার- নারায়ণপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার (২৩) খাদেরগাঁও ইউনিয়নের গিলাতলী গাজী বাড়ির প্রবাসী ইসমাইল হোসেন গাজীর স্ত্রী। তার তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। আহতরা হলেন অটোরিকশাচালক মো. ফারুক (৪২), যাত্রী মো. জিলানী (৩২), হোসনে আরা (৪৫) ও পারভীন বেগম (৩৭)। তাদের সবার বাড়ি গিলাতলী গ্রামে। তারা পরস্পর আত্মীয়। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর সাদিয়া আক্তারসহ চার যাত্রী অটোরিকশায় করে নাগদা গ্রামের এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। নাগদা বড় বাড়ির সামনে অটোরিকশাটি থামানো অবস্থায় চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি বাস পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালক ও যাত্রীরা আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে সাদিয়া আক্তারকে মৃত অবস্থায় নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক নুরে আলম তাকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পারভীন বেগম, হোসনে আরা ও জিলানীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। হাসপাতালে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার পর জৈনপুর পরিবহনের বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়েছে।

দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুরের মতলব দক্ষিণে বাসের চাপায় সাদিয়া আক্তার (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো চারজন। দুর্ঘটনার পর বাসচালক কাউসারকে আটক করা হয়েছে এবং ওই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল ৬টার দিকে মতলব-গৌরীপুর-পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার নায়েরগাঁও এলাকার ইজিবাইক চালক রোমান হোসেন (৪৫), খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের গাজী বাড়ির খোরশেদা বেগম (৫৮), জিলানী (২৮) ও পারভীন (৪০)। অন্যদিকে, নিহত সাদিয়া তাদের স্বজন। তার স্বামী সৌদি প্রবাসী ইসমাইল হোসেন। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। নিহত ইজিবাইক চালক রোমান হোসেন নায়েরগাঁও এলাকার বাসিন্দা। তিনি মতলব পৌর শহরে ভাড়া বাসায় থাকতেন। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী মো: ইয়াছিন মিয়া জানান, তার জেঠাতো ভাই রহুল আমিনের মা রাজিয়া (৫০) শুক্রবার রাত ৭টার দিকে অসুস্থতায় মারা যান। আজ শনিবার সকাল ৮টায় তার জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হয়েছিল। তিনি বলেন, সকাল ৬টার দিকে তারা বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসচালক কাউসারকে আটক করে বড় বাড়ির মসজিদসংলগ্ন কাছারি ঘরে রাখে। পরে মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন তাকে আটক করেন এবং বাসটি জব্দ করে। বাসচালক কাউসারের বাড়ি পৌরসভার ঢাকিরগাঁও এলাকায়। দুর্ঘটনার পর থেকে মতলব-গৌরীপুর-পেন্নাই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক

মায়ের কবরের পাশে শায়িত তাসনিম রিফাত

মায়ের কবরের পাশে শায়িত হলেন নিহত সেনা সদস্য তাসনিম রিফাত। বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে রাজশাহীর দামকুড়ার বিন্দারামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সেনাবাহিনীর সদস্যরা তার মরদেহ নিজ গ্রামে নিয়ে আসেন। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গতকাল বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে এক দুর্ঘটনায় রিফাতসহ দুই সেনাসদস্যের মৃত্যু হয়।  বুধবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে সেনাবাহিনীর হেলিকপ্টারে রাজশাহী সেনানিবাসে আনা হয় রিফাতের মরদেহ। সেখান থেকে ফ্রিজিং গাড়িতে করে তাসনিমের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে। নিজ গ্রামে মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারি ও আর্তনাদে শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম। তাকে শেষবারের মতো দেখতে ভিড় জমান এলাকাবাসী। স্বজনরা জানান, একদিন পর প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন রিফাত। এরপর তার বগুড়া সেনানিবাসে যোগ দেওয়ার কথা ছিল। গত বছর ক্যান্সারে আক্রান্ত মায়ের মৃত্যুর পর বারবার রাজশাহীতে ফিরতে চেয়েছিলেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন এক কর্মকর্তা।  আইএসপিআর জানিয়েছে, আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

মায়ের কবরের পাশে শায়িত তাসনিম রিফাত

গাজীপুরে কার্ভানভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল ১০টার দিকে মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আসাদুল্লাহ (২৬) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা হলেন সিএনজিচালক শাকিল (৩৫), খোকন মিয়া (২২) ও আসাদুল ইসলাম (১৯)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাজার থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাওনার দিকে যাচ্ছিল। কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কার্ভানভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি সড়কের পাশের ধানখেতে পড়ে দুমড়েমুচড়ে যায় ও ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও যানবাহন দুটি উদ্ধার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরে কার্ভানভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।  পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা আব্দুল করিম জানান, রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কারওয়ান বাজার এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

চীনের তিব্বতে ২৩ দেশের ২৬১ জনসহ নিখোঁজ ৫৪৬, বাড়ছে মৃতের সংখ্যা

চীন-নেপাল সীমান্তে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং পোর্টে কাদা ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়াও ২৩টি দেশের ২৬১ জন বিদেশী নাগরিকসহ মোট ৫৪৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। রোববার (৩০ আগস্ট) আনাদোলু এজেন্সির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চীনা পররাষ্ট্র, জননিরাপত্তা, সংস্কৃতি ও পর্যটন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যৌথ অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের পর এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়। বেইজিংভিত্তিক সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, চীন সীমান্ত এলাকার মর্মান্তিক এই দুর্ঘটনায় আন্তর্জাতিক উদ্ধার ও তথ্য আদান-প্রদান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে নেপালের ১০৪ জন, ভারতের ৪৯ জন, লাটভিয়ার ৩৩ জন, যুক্তরাষ্ট্রের ১৮ জন, ব্রিটেনের ১৫ জন, কানাডা ও অস্ট্রেলিয়ার ৬ জন করে, দক্ষিণ আফ্রিকার ৪ জন, মালয়েশিয়া, জার্মানি ও রাশিয়ার ৩ জন করে, আয়ারল্যান্ড, এস্তোনিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের ২ জন করে এবং কাজাখস্তান, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, পর্তুগাল, ইউক্রেন, স্পেন ও হাঙ্গেরির ১ জন করে নাগরিক রয়েছেন। চাইনিজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস ও কনস্যুলেটকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। এদিকে পাশ্ববর্তী দেশ নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে এবং প্রায় ২ হাজার ৫০০ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে সরকারী হিসাব ও স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

চীনের তিব্বতে ২৩ দেশের ২৬১ জনসহ নিখোঁজ ৫৪৬, বাড়ছে মৃতের সংখ্যা

পদ্মাসেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মাসেতু উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় মোট ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৪৭ জন নিহত এবং ৮৭৪ জন আহত হয়েছেন। তিনি জানান, এই মহাসড়কে এসব দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারদের অত্যন্ত ঝুঁকি উদ্ধার কার্যক্রম চালাতে হয়। তাঁরা দ্রুততার সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে থাকেন। একই সঙ্গে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে দিন দিন যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় দুর্ঘটনা প্রতিরোধে চালক ও সাধারণ জনগণের মধ্যে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, দুর্ঘটনা এড়াতে চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেক থেকে বিরত থাকা, সড়কের নির্দেশনা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করা এবং নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালাতে হবে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অসতর্ক ও বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকা প্রয়োজন। তাহলেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

পদ্মাসেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪৭

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বৃষ্টির মধ্যে হাইওয়ে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন মোল্লা নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্রামের আদম মোল্লার ছেলে। আহত দুজন হলেন একই এলাকার সাব্বির শেখ (১৮) ও তামিম হোসেন (২৮)। তারা তিনজন বন্ধু ছিলেন এবং একই মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, মোটরসাইকেলে করে তিন বন্ধু ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।  তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার জন্য দায়ী অজ্ঞাত গাড়িটি শনাক্তে তদন্ত চলছে।

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্বশুর-পুত্রবধূর

রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শমসের আলী (৬০) ও তাঁর পুত্রবধূ তানিয়া বেগম (২৫) নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত তানিয়া বেগম ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী এবং শমসের আলী একই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে।স্থানীয়রা জানান, বাড়ির ভেতরে একটি ভ্যান চার্জে দেওয়া ছিল। সেখান থেকে বৈদ্যুতিক সংযোগের একটি তার গোয়ালঘরের দিকে নেওয়া হয়। ওই তারের পাশেই কাপড় শুকানোর জন্য একটি দড়ি টাঙানো ছিল।শুক্রবার দুপুরে তানিয়া বেগম ওই দড়িতে ভেজা কাপড় শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর শ্বশুর শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারের ওপর ভেজা কাপড় দিতে গিয়ে প্রথমে তানিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন।চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজন মারা গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্বশুর-পুত্রবধূর

বিএসএফের গুলিতে নিহত তারা মিয়া

মৌলভীবাজারের কুলাউড়ার মুরাইছড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরাইছড়া বস্তির আব্দুল মালিক তরফদারের ছেলে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ মাহমুদ জানান, মুরাইছড়া সীমান্ত দিয়ে চার থেকে পাঁচজন বাংলাদেশি যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা ভারতীয় নাসির উদ্দীন বিড়ি আনার জন্য ভারতের মাগুরুলী এলাকায় গেলে বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের সদস্যরা গুলি ছোড়েন।এ সময় গুলিতে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে সঙ্গে থাকা অন্য যুবকেরা বাংলাদেশে ফিরে আসেন।ঘটনার বিষয়ে বিজিবির পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিএসএফের গুলিতে নিহত তারা মিয়া

দাওয়াত দিতে এসে কিলঘুষিতে মধ্যবয়সীর মৃত্যু, মেয়ের শ্বশুর-শাশুড়িসহ আটক ৩

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াত দিতে এসে দাওয়াতে যাওয়া-না যাওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মেয়ের বাবা মো. আবুল বাশার (৫০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।নিহতের পরিবারের দাবি, মেয়ের শ্বশুর, শাশুড়ি ও ননদের জামাই মারধর করলে গুরুতর আহত হন আবুল বাশার। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, ঘটনার আগে আবুল বাশার স্থানীয় একটি চায়ের দোকানে ছিলেন। পরে জানতে পারেন, মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়িতে এসেছেন। এরপর তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে যান।স্বজনদের ভাষ্য, অন্তঃসত্ত্বা মেয়ে ময়না আক্তারের গর্ভধারণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার আয়োজিত একটি অনুষ্ঠানে দাওয়াত দিতে মেয়ের শ্বশুর আব্দুল মতিন, শাশুড়ি রোজিনা বেগম এবং ননদের জামাই মো. হৃদয় তাদের বাড়িতে আসেন। তবে একই দিনে ভাতিজার বিয়ে থাকায় আবুল বাশার ওই অনুষ্ঠানে যেতে অপারগতার কথা জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।পরিবারের অভিযোগ, একপর্যায়ে অতিথিরা চলে যেতে চাইলে আবুল বাশার তাদের খেয়ে যাওয়ার অনুরোধ করেন। তখন আব্দুল মতিন তার গলা চেপে ধরে বুকে ঘুষি মারেন। এ সময় রোজিনা বেগম ও হৃদয়ও তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত তিনজনকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের হেফাজতে নেয়।আটক ব্যক্তিরা হলেন—দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আব্দুল মতিন, তার স্ত্রী রোজিনা বেগম এবং তাদের মেয়ের জামাই মো. হৃদয়।নিহতের স্ত্রী ঝর্না বেগম অভিযোগ করেন, প্রায় এক বছর আগে তাদের মেয়ে ময়না আক্তারের সঙ্গে আব্দুল মতিনের ছেলে মহিউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।তিনি আরও বলেন, অনুষ্ঠানে দাওয়াতের পাশাপাশি খাসির মাংস ও বিভিন্ন ধরনের নাশতা নিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু অন্য পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার কারণে তার স্বামী রাজি না হওয়ায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মেয়ের শ্বশুর, শাশুড়ি ও ননদের জামাইকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

দাওয়াত দিতে এসে কিলঘুষিতে মধ্যবয়সীর মৃত্যু, মেয়ের শ্বশুর-শাশুড়িসহ আটক ৩