মায়ের কবরের পাশে শায়িত হলেন নিহত সেনা সদস্য তাসনিম রিফাত। বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে রাজশাহীর দামকুড়ার বিন্দারামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সেনাবাহিনীর সদস্যরা তার মরদেহ নিজ গ্রামে নিয়ে আসেন। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
গতকাল বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে এক দুর্ঘটনায় রিফাতসহ দুই সেনাসদস্যের মৃত্যু হয়।
বুধবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে সেনাবাহিনীর হেলিকপ্টারে রাজশাহী সেনানিবাসে আনা হয় রিফাতের মরদেহ। সেখান থেকে ফ্রিজিং গাড়িতে করে তাসনিমের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে। নিজ গ্রামে মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারি ও আর্তনাদে শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম। তাকে শেষবারের মতো দেখতে ভিড় জমান এলাকাবাসী।
স্বজনরা জানান, একদিন পর প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন রিফাত। এরপর তার বগুড়া সেনানিবাসে যোগ দেওয়ার কথা ছিল। গত বছর ক্যান্সারে আক্রান্ত মায়ের মৃত্যুর পর বারবার রাজশাহীতে ফিরতে চেয়েছিলেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন এক কর্মকর্তা।
আইএসপিআর জানিয়েছে, আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হয়েছে।