নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবর ও সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের দেবর আলাল মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগম আমলাবো এলাকার বাবুল মীরের স্ত্রী। তাঁদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিহত নাসিমা বেগমের দেবর আলাল মিয়া, তাঁর স্ত্রী জোসনা বেগম এবং মেয়ের জামাই শাকিল মিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, আমলাবো এলাকায় বাবুল মীর তাঁর জমিতে একটি ভবন নির্মাণ করছিলেন। ভবন নির্মাণের সময় জমির সীমানা নিয়ে তাঁর ভাই আলাল মিয়া আপত্তি জানান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কয়েক দিন ধরে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে নাসিমা বেগমের সঙ্গে আলাল মিয়ার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আলাল মিয়া, জোসনা বেগম, শাকিল মিয়াসহ কয়েকজন নাসিমা বেগমকে রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর আলাল মিয়া, জোসনা বেগম ও শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার তিনজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।