তিন সন্তান রেখে প্রবাসীর টাকা-স্বর্ণালংকার নিয়ে কথিত প্রেমিকসহ লাপাত্তা স্ত্রী
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের জেরে গোপনে তালাক দেওয়ার পর কথিত প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় প্রবাসী স্বামীর পাঠানো প্রায় ২০ লাখ টাকা ও ১১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে ওই নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১২ আগস্ট) আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকার রুমা আক্তার (৩২) ও একই এলাকার কবির হোসেন (৪০)।এ ঘটনায় রুমা আক্তারের স্বামী মনির হোসেনের ভাগনে মো. রিফাত মিয়া (২৪) বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে রুমা আক্তারের সঙ্গে মালয়েশিয়াপ্রবাসী মনির হোসেনের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় চার বছর আগে মনির হোসেন আবার মালয়েশিয়ায় চলে যান। এরপর থেকে তিনি নিয়মিত উপার্জনের টাকা স্ত্রী রুমা আক্তারের কাছে পাঠাতেন।এজাহারে অভিযোগ করা হয়, স্বামী বিদেশে থাকার সুযোগে রুমা আক্তার প্রতিবেশী কবির হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গত ২ জানুয়ারি গোপনে মনির হোসেনকে তালাক দেন তিনি। তবে বিষয়টি স্বামীকে না জানিয়ে তার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন এবং জমি কেনার কথা বলে টাকা ও স্বর্ণালংকার নেন বলে অভিযোগ করা হয়েছে।মামলার নথি অনুযায়ী, প্রায় চার বছরে মনির হোসেন স্ত্রীকে প্রায় ২০ লাখ টাকা এবং প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার পাঠান। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১১ লাখ টাকা।বাদীর অভিযোগ, গত ৭ আগস্ট রুমা আক্তার ও কবির হোসেন ওই টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে চলে যান। চার দিন পর ১১ আগস্ট সকালে তারা কবির হোসেনের বাড়িতে ফিরে এলে বিষয়টি জানাজানি হয়।স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বিয়ে করেছেন বলে জানান। একই সময় রুমা আক্তার তার প্রবাসী স্বামীকে তালাক দেওয়ার বিষয়টিও প্রকাশ করেন।পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তারা এতে রাজি হননি বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় মামলা বা মীমাংসার চেষ্টা করা হলে বাদী ও রুমা আক্তারের সন্তানদের হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।পরে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এরপর রিফাত মিয়া বাদী হয়ে মামলা করেন।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, মামলার পর রুমা আক্তার ও কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।