রাজধানীর এয়ারপোর্ট এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামের।
জানা গেছে, গত রোববার এয়ারপোর্ট এলাকার একটি ফিলিং স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় মামলা হয়। মামলাটির তদন্তে নেমে ডিবি রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে।
অভিযানে ডাকাতির টাকার বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আলোচিত ডাকাতির মামলার তদন্তের অগ্রগতি এবং গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতেই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।