রিচার্জ করার অর্থ নেই, বিদ্যুৎ বিল দিতে হবে—এমন আর্জি জানিয়ে ভিক্ষা করছে এক মানবাকৃতির রোবট। মানুষের দৃষ্টি আকর্ষণ করতে রোবটটি হাতজোড় করছে এবং আকুতির সুরে টাকা দেওয়ার অনুরোধ করছে।
চীনের সিচুয়ান প্রদেশে রোবটের ভিক্ষা করার এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রোবটটি তার সামনে একটি থালা রেখেছে, যাতে মানুষ খুচরা অর্থ দিতে পারে। পাশাপাশি রাখা রয়েছে একটি কিউআর কোড, যার মাধ্যমে ডিজিটালভাবেও অনুদান দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
পাশে থাকা একটি সাউন্ড বক্স থেকে শোনা যায় রোবটটি বলছে—
“রিচার্জ করার জন্য কোনো টাকা নেই। দয়া করে বিদ্যুৎ বিলের অর্থ দিয়ে সহায়তা করুন।”
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার জানিয়েছে, রোবটটি তৈরি করেছে Unitree Robotics। এটি Unitree G1 মডেলের রোবট। এর আগেও একই মডেলের একটি রোবট Chimborazo আগ্নেয়গিরিতে অভিযান চালিয়েছিল।
এদিকে ভিডিওটি নিয়ে স্থানীয়দের অনেকে জানিয়েছেন, রোবটকে বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সহজে অর্থ আয়ের উদ্দেশ্যে কিছু ব্যক্তি রোবটটিকে এভাবে ব্যবহার করছেন।