ঢাকা | মঙ্গলবার, ৭ জুলাই
রাজধানীর গুলিস্তানের দীর্ঘদিনের যানজট কমাতে ফুলবাড়িয়া আন্তঃজেলা বাসস্ট্যান্ড কেরানীগঞ্জের ইকুরিয়া হাসনাবাদ এলাকায় স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাঘৈর তেগরিয়া, তেগরিয়া আন্ডারপাস সংলগ্ন এলাকা ও ইকুরিয়া হাসনাবাদ—এই তিনটি স্থান পর্যালোচনা করা হয়। যোগাযোগ ব্যবস্থা, সড়ক সংযোগ, যান চলাচলের সক্ষমতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ বিবেচনায় ইকুরিয়া হাসনাবাদ এলাকাকে সবচেয়ে উপযুক্ত হিসেবে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
বর্তমানে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন বিপুলসংখ্যক আন্তঃজেলা বাস চলাচল করে। এসব বাসের কারণে গুলিস্তান, বঙ্গভবন, গোলাপশাহ মাজার, দৈনিক বাংলা মোড়সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
কর্তৃপক্ষের আশা, বাসস্ট্যান্ডটি রাজধানীর প্রবেশমুখের কাছাকাছি ইকুরিয়ায় স্থানান্তর করা হলে আন্তঃজেলা বাসগুলোকে আর শহরের কেন্দ্র পর্যন্ত প্রবেশ করতে হবে না। এতে গুলিস্তানসহ ঢাকার কেন্দ্রীয় এলাকার যানজট উল্লেখযোগ্যভাবে কমবে।