বরিশালের বাবুগঞ্জে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা। নেশার টাকা না পেয়ে মাকে ও স্ত্রীকে মারধরের অভিযোগে মাইনুল হোসেনের বিরুদ্ধে এ মামলা করা হয়। ঘটনাটি উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাহ্মন্দিয়া গ্রামের। স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, আব্দুল খালেক মাস্টারের ছেলে মাইনুল হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা না পেয়ে তিনি তার মা জাহানারা বেগম এবং স্ত্রী মিম আক্তারকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। মিম আক্তার তিন সন্তানের মা। ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে জাহানারা বেগম বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলার পর আদালত মাইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গত ৫ আগস্ট বাবুগঞ্জ থানা পুলিশ মাইনুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তার গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মাইনুলের মা জাহানারা বেগম অভিযোগ করে বলেন, তার সৎছেলে মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রাশিদা বেগম মাদক কেনাবেচা করেন। তার কাছ থেকেই মাইনুল মাদকাসক্ত হয়ে পড়েছেন বলে তিনি দাবি করেন। তবে রাশিদা বেগমের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, রাশিদা বেগমের বিষয়ে পুলিশ নজরদারি করছে। মাদকসংক্রান্ত অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।