শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে। এই সময়ের মধ্যে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং এখন সেগুলো সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার (১৭ আগস্ট) আয়োজিত কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও উন্নত করা প্রয়োজন। কিউএস র্যাংকিং শুধু উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকেও বিবেচনায় আনা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘কিউএস রেটিং উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু কেন করবে? সার্কভুক্ত দেশের মধ্যে কেন নয়? সেটা করলে আমরাও এগিয়ে থাকতাম।’
বাংলাদেশের উচ্চশিক্ষায় গবেষণা ও পিএইচডি কার্যক্রমের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
এহছানুল হক মিলন বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এতদিনে পিএইচডি ডিগ্রি চালু করতে পারলেন না? শেষ ২০ বছর আপনারা মুখ বন্ধ করে ছিলেন?’
তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী গবেষক রয়েছেন, যারা বিদেশের বিভিন্ন দেশের উন্নয়ন ও গবেষণায় নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাচ্ছেন। কিন্তু দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা ব্যবস্থায় তাদের যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক গবেষক আছেন, যারা অন্য দেশের বিনির্মাণে নিজের জ্ঞান ঢেলে দেন। কিন্তু আমরা তাদের খুঁজে বের করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা।’
তিনি জানান, দেশের গবেষক ও মেধাবীদের খুঁজে বের করে শিক্ষা ও গবেষণার কাজে সম্পৃক্ত করার বিষয়টিতে সরকার গুরুত্ব দিচ্ছে।
শিক্ষামন্ত্রীর বক্তব্যে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার সুযোগ বৃদ্ধি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়।