গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় নিরাপদ সড়ক ব্যবস্থা ও একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ছাত্র-জনতা।
শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মহাসড়কের মৌচাক অংশে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।
আন্দোলনকারীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় মহাসড়ক পারাপারের জন্য কোনো ফুটওভার ব্রিজ নেই। যার কারণে পথচারীরা ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়। এছাড়াও শতশত শিক্ষার্থী প্রতিনিয়ত এমন ঝুঁকি নিয়ে পারাপার হয়। এতে হরহামেশাই দুর্ঘটনা ও প্রাণহানির শিকার হন অনেকেই। এমন পরিস্থিতি থেকে রক্ষায় দ্রুত ফুটওভার ব্রিজের দাবি জানান এলাকাবাসী। বিষয়টি নিয়ে একাধিকবার সড়ক বিভাগের কাছে লিখিত দিয়েও কোনো সুফল পাননি ভুক্তভোগীরা। এ ঘটনায় শুক্রবার সকালে শতাধিক ছাত্রজনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হন। এই রোডে বেপরোয়া গাড়ি চলে। এতে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। তারা এখানে কার্যকরী পদক্ষেপের পাশাপাশি ফুটওভার ব্রিজ চান। আরও পড়ুনআরও পড়ুনপ্রধান শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্থানীয়রা জানান, ব্যস্ততম এই সড়কে ফুটওভার ব্রিজ জরুরি। শতশত শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হয়। তারা এর প্রতিকার চান।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, সড়ক অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধান করা হচ্ছে।
কালিয়াকৈর ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, মৌচাক এলাকায় একটি ফুটওভার ব্রিজ প্রয়োজন। দ্রুত সড়ক বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।