শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
ডিএনসিসি হেরিটেজ রান উদ্বোধনী অনুষ্ঠান

ডিএনসিসি হেরিটেজ রান উদ্বোধনী অনুষ্ঠান

রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে নাগরিকদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা হেরিটেজ রান’। শনিবার (১৫ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে রাজধানীর ৪১৬ বছর পূর্তি ও ‘ঢাকা দিবস’ উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এতে এক হাজারের বেশি নাগরিক অংশ নেন। মতিঝিলের শাপলা চত্বর থেকে হেরিটেজ রানের যাত্রা শুরু হয়। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। রানটি শাপলা চত্বর থেকে কাকরাইল মোড়, রমনা, শাহবাগ মোড়, কাটাবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী মোড়, লালবাগ কেল্লা ও শহিদনগর মোড় হয়ে সোয়ারিঘাট লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যেক রানারকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকার ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ঢাকাকে নিয়ে নাগরিকদের গর্ববোধ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। হেরিটেজ রানে অংশ নিয়ে নগরবাসী ঢাকার বিভিন্ন এলাকার বাস্তব চিত্র দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, কোথাও ভালো রাস্তা, কোথাও ভাঙাচোরা রাস্তা, আবার কোথাও বৃষ্টিতে কর্দমাক্ত পথ—এটাই ঢাকার বাস্তবতা। এই বাস্তবতার মধ্যেই নগরবাসীর জীবনযাত্রা আরও সুন্দর করতে হবে। পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, নগরবাসী যত্রতত্র ময়লা না ফেললে এবং ব্যবসায়ী ও বাসিন্দারা সহযোগিতা করলে ঢাকাকে আরও সুন্দর রাখা সম্ভব। একই সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদেরও নিজ নিজ দায়িত্ব অনুযায়ী সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। প্রথমবারের মতো হেরিটেজ রান আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আয়োজনের ক্ষেত্রে কিছু ভুলত্রুটি থাকতে পারে। ভবিষ্যতে সেগুলো সংশোধন করে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হবে। পুরান ঢাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি সাইকেল চালানোর জন্য পৃথক লেন এবং হাঁটা ও দৌড়ের উপযোগী পথ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। ‘আমার দায়িত্ব আমি পালন করব, আপনার দায়িত্ব আপনি পালন করবেন’—এমন আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে ঢাকা শহর আরও সুন্দর হয়ে উঠবে। থাকছে আরও নানা আয়োজন ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে আগামী ১৬ থেকে ২২ আগস্ট সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের ওপর নির্মিত মঞ্চনাটক নিয়ে নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। ২১ আগস্ট খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত ঐতিহ্যবাহী নৌকাবাইচ এবং সদরঘাটে শত বছরের পুরোনো বিশেষ হেরিটেজ ক্রুজে পর্যটকদের ভ্রমণের আয়োজন রয়েছে। ২২ আগস্ট মধুমিতা সিনেমা হলে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ২১ থেকে ৩০ আগস্ট ঢাকার বিভিন্ন বিপণিবিতানে ‘দ্য গ্রেট ঢাকা সেল’ এবং একই সময়ে ‘লাভ লেটার টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমে নাগরিকদের কাছে ঢাকাকে নিয়ে আবেগ ও ভালোবাসার চিঠি আহ্বান করা হবে। এ ছাড়া ২১ থেকে ২৮ আগস্ট শিল্পকলা একাডেমিতে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চনাটক এবং ২৩ থেকে ২৯ আগস্ট বাংলাদেশ টেলিভিশনে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো নাটক ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন রয়েছে। ২৪ আগস্ট উত্তর ধানমণ্ডির জয়নুল হক শিকদার মহিলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হেলিপ্যাডে হেলিকপ্টারের মাধ্যমে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা’ উৎসব প্রদর্শনের আয়োজন করা হবে। ২৮ আগস্ট লক্ষ্মীবাজার থেকে নগরভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকিসহ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ২৯ আগস্ট বিকেল ৪টায় লালবাগ কেল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। একই সঙ্গে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে। ৩০ আগস্ট লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ১ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। পাশাপাশি দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডার মধ্য দিয়ে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের সমাপ্তি হবে। উৎসবকে ঘিরে নাগরিক জীবনের ব্যস্ততার মধ্যেও নগরবাসীকে গর্ব, উৎসাহ ও দায়িত্ববোধের সঙ্গে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ডিএসসিসি।