হরমুজ প্রণালিতে জাহাজে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পরপর দুদিন জাহাজে হামলার অভিযোগে ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (২৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরাঘচি বলেন, ‘আমি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছি। এ ছাড়া তাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সর্বশেষ অগ্রগতির বিষয়েও অবহিত করেছি।’
তিনি বলেন, ‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের পূর্ণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে থাকবে। সব বাধা দূর করার পর এই নৌপথের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হবে। বর্তমানে আমরা সেটি নিয়েই কাজ করছি।’
