ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ চত্বরে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে শত শত ইহুদি প্রবেশ করে প্রকাশ্যে ধর্মীয় প্রার্থনা করেছেন। বিদ্যমান নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা প্রার্থনা করেন এবং পুরো সময়জুড়ে তাদের নিরাপত্তায় মোতায়েন ছিল ইসরায়েলি পুলিশ।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কয়েকজন ইহুদি এমন এলাকাতেও প্রার্থনা করেছেন যেখানে তাদের ধর্মীয় আচার পালনের অনুমতি নেই। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ইহুদিদের ধর্মীয় উপবাস দিবস তিসা বা’ভ (Tisha B'Av) উপলক্ষে তারা আল-আকসা প্রাঙ্গণে জড়ো হন। ইহুদি বিশ্বাস অনুযায়ী, এদিন তাদের প্রথম ও দ্বিতীয় টেম্পল ধ্বংস করা হয়েছিল। তাদের দাবি, বর্তমান আল-আকসা মসজিদের স্থানেই একসময় টেম্পল মাউন্ট ছিল। এই দাবিকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে মুসলিম ও ইহুদিদের মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক বিরোধ চলে আসছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, দলে দলে ইহুদি দর্শনার্থীরা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করছেন। এ সময় তারা ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করছেন এবং কয়েকজনকে ইসরায়েলের জাতীয় পতাকা উড়াতেও দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। তিনি দীর্ঘদিন ধরেই আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অধিকারের পক্ষে অবস্থান নিয়ে আসছেন।
বেন গিভির বলেন, "দেখুন আজ এখানে কী হচ্ছে। ইহুদিরা প্রার্থনা করছেন এবং তারা অনুভব করছেন, এটি তাদের স্থান। এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি।"
আল-আকসা মসজিদকে ঘিরে এমন কর্মকাণ্ডকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে দেখা হয়। অতীতেও এই স্থানকে কেন্দ্র করে বহুবার সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।