বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। ইতোমধ্যে মনোনীত প্রার্থীর সম্মতিপত্রে মির্জা ফখরুল স্বাক্ষর করেছেন বলেও সূত্রটি জানিয়েছে।
তবে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপরই বিএনপির প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে।
দলীয় সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষমতা দলের চেয়ারম্যানের ওপর ন্যস্ত করেছে। এ কারণে আগেভাগে প্রার্থীর নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
এদিকে বিএনপির পক্ষে নির্বাচন কমিশন থেকে দুটি পৃথক মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একই প্রার্থীর সমর্থনে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকায় কৌশলগত কারণেই একাধিক ফর্ম সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থনপুষ্ট ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের নাম ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের বিশেষ অধিবেশনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে অন্য কোনো প্রার্থীকে ভোট দিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদ বাতিল হতে পারে বলে জানিয়েছেন প্রধান হুইপ।