চট্টগ্রামের সাতকানিয়ায় এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীকে চার দিন পর রাজধানী ঢাকার গোপীবাগ এলাকা থেকে উদ্ধার করেছেন স্বজনরা। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে গোপীবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি শিক্ষার্থীর বাবা নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করইয়ানগর এলাকা থেকে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। সে উপজেলার একটি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রকাশিত ফলাফলে সে একটি বিষয়ে অকৃতকার্য হয়। পরিবারের সদস্যরা জানান, ফলাফল আশানুরূপ না হওয়ায় অভিমান করে মা-বাবাকে কিছু না জানিয়েই ঢাকায় চলে যায় ওই শিক্ষার্থী। সেখানে গোপীবাগ এলাকার এক ব্যবসায়ীর হেফাজতে ছিল সে। তবে বিষয়টি পরিবারের কাউকে জানানো হয়নি। নিখোঁজ হওয়ার পর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় চরম উৎকণ্ঠায় পড়েন স্বজনরা। গত চার দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মীয়স্বজনরা তাকে খুঁজছিলেন। শিক্ষার্থীর বাবা জানান, শুক্রবার দুপুরের দিকে হঠাৎ তার মোবাইল ফোনটি চালু হয়। পরে স্বজনরা ফোন করলে এক ব্যক্তি ফোনটি রিসিভ করে জানান, ওই শিক্ষার্থী গোপীবাগে তাদের হেফাজতে রয়েছে। এরপর তাঁর ভাইসহ কয়েকজন স্বজন গোপীবাগে গিয়ে তাকে উদ্ধার করেন। তিনি বলেন, ছেলে ফিরে আসায় এখন সবচেয়ে বড় স্বস্তি পেয়েছেন তারা। ফল খারাপ হওয়ায় অভিমান করে সে এমন সিদ্ধান্ত নিয়েছিল। পরিবারের প্রত্যাশা, এখন সে স্বাভাবিক জীবনে ফিরে আবার পড়াশোনায় মনোযোগ দেবে। এর আগে শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় তার বাবা সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পর পুলিশও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধারে কাজ করছিল।
এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার