রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুৎস প্রদেশে রুশ বিমান বাহিনীর একটি টিইউ-২২এম৩ (Tu-22M3) কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (১৬ জুন) নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানটিতে পাইলটসহ মোট চারজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার আগে তারা সফলভাবে জরুরি নির্গমন (ইজেক্ট) করতে সক্ষম হন। ফলে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন বিকল হওয়া বা কারিগরি ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো যুদ্ধাস্ত্র বা লাইভ গোলাবারুদ ছিল না।
রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি জনবসতি থেকে দূরে একটি বনাঞ্চলে আছড়ে পড়ায় মাটিতে থাকা কোনো ব্যক্তি বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি।
উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজন ক্রুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানিয়েছেন, তারা কেউ গুরুতর বা প্রাণঘাতী আঘাত পাননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত নিচের দিকে নেমে এসে আঙ্গারা নদীর তীরবর্তী একটি ঘন বনাঞ্চলে বিধ্বস্ত হয়। এরপর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়।
উল্লেখ্য, সোভিয়েত আমলে তৈরি টিইউ-২২এম৩ একটি দূরপাল্লার সুপারসনিক বোমারু বিমান। এটি রাশিয়ার অত্যাধুনিক ‘কিনঝাল’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ন্যাটোর কাছে বিমানটি ‘Backfire’ নামে পরিচিত। সিরিয়া ও ইউক্রেনের বিভিন্ন সামরিক অভিযানে এই বোমারু বিমান ব্যবহার করেছে রাশিয়া।